Saturday, January 26, 2013

ছাড়িয়ে যাওয়া

আমি চলে যেতে পারতাম
পাথরের পথ ধরে সোজা
দিগন্ত পেরিয়ে তোমার বিপরীত গোলার্ধে...
যাইনি কারণ তুমি কোনো
একদিন বলেছিলে আমি
নাকি দিকভ্রান্ত।

আমি চলে যেতে পারতাম
বাকি আর সব কিছুকে 'দূর-ছাই'
বলে। যাইনি কারণ শ্মশানে
মধ্যরাত্রে রতিক্রিয়ায় আমার
দেহাবশেষ শূণ্যের পর দশমিক খোঁজে।

আমি ইচ্ছে করলেই চলে যেতে পারতাম
মহানদী পেড়িয়ে প্রত্যন্ত কোনো
গ্রামে...পারিনি কারণ লাল মাটির রং
কি কারও মন খারাপের থেকে নেওয়া?

আমি এখনও ইচ্ছে করলেই চলে
যেতে পারি...অনেক...অনেক
দূরে কোথাও কিন্তু পারিনা
কারণ আমি আরও অনেকের
মত বলতে পারিনা 'বেশ হত
যদি চলে যেতে পারতাম'।

তাই ইচ্ছে থাকলেও স্বাবলম্বী
ভালোবাসার যতিচিণ্হে নিজেকে
শুইয়ে দিই। আমার অনুভবের
আত্মশ্লাঘায় ও তীব্র শ্লেষ সাদা-কালো
ছকের ঘরের আগে এসে দাঁড়িয়ে পড়ে।
তুমি তাদের আটকে দিয়েছ
প্রেমের কিস্তিমাতে।

2 comments:

  1. sottttttteeeeeeeeiiiiiiiii chle jete parini..........

    ReplyDelete
  2. তাই ত রয়ে গেছি আজও মিথোজীবি হয়ে...

    ReplyDelete